ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে 'গার্ড অব অনার' ও নিরাপত্তা প্রটোকল দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দেওয়ার উদ্দেশ্যে বাঞ্ছারামপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে ভেলানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।এই ঘটনায় আহত আট পুলিশ সদস্য হলেন: * এএসআই নিজাম * নায়েক জুয়েল মিয়া * কনস্টেবল জহির রায়হান * কনস্টেবল আব্দুল সালাম * কনস্টেবল মাইনুল হাসান * কনস্টেবল শরিফ * কনস্টেবল মহিউদ্দিন * কনস্টেবল মেহেদী হাসানদুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে, নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে জুমার নামাজের পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত পুলিশের পিকআপটি উদ্ধারের কাজ চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।