প্রিন্ট এর তারিখ : ০২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরের দুই মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট, তিনগুণ ভাড়ায় চরম ভোগান্তিতে যাত্রীরাা
দৈনিক গণজাগরণ ||
গাজীপুরের যোগাযোগ ব্যবস্থায় আজ ভয়াবহ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ দুইটি মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, কর্মজীবী ও শিক্ষার্থীদের। এই সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে পরিবহণ সংশ্লিষ্টরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অস্বাভাবিক চাপ লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ তীব্র যানজটে রূপ নেয়। সরেজমিনে দেখা যায়, চন্দ্রা মোড়, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার থেকে শুরু করে টঙ্গী পর্যন্ত রাস্তার দুই পাশেই গাড়ির দীর্ঘ সারি।মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং দূরপাল্লার বাসগুলো এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এবং জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে বের হওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।যানজটের এই অসহনীয় পরিস্থিতির মধ্যেই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়ার বোঝা। গণপরিবহন সংকটের অজুহাত দেখিয়ে বাস, লেগুনা এবং অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন।একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, গন্তব্যে পৌঁছাতে তাদের স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ বেশি টাকা গুনতে হচ্ছে। স্বল্প আয়ের মানুষ এবং নিয়মিত যাতায়াতকারীরা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।এই দীর্ঘ যানজটের পেছনে মহাসড়কের চলমান উন্নয়ন কাজ, ট্রাফিক অব্যবস্থাপনা এবং যানবাহনের বিশৃঙ্খল চলাচলকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাস্তার পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণেও রাস্তার প্রশস্ততা কমে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।যাত্রীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত এই অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে জনদুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক - তপন রায় ,
প্রধান নির্বাহী সম্পাদক : আরমান ইসলাম ,
বার্তা সম্পাদক : বিধান রায়
দৈনিক গণজাগরণ